পোল্লাডাঙ্গা
মহানন্দা নদীর তীরে
ছোট্ট একটা গাঁ,
সে গাঁ’য়েরই একটা কোনে
থাকে আমার মা।
সেই গাঁ’য়েরই চতুর্দিকে
আছে আম্র কানন,
পাতায় পাতায় খেলা করে
সূর্যের রশ্মি কিরণ।
কাঠবিড়ালীর ঠোঁটে ঠোঁটে
পাকা লিচু জাম,
ডালে ডালে লুটোপুটি
কাঁচা-মিঠি আম।
পথের ধারে হেসে ওঠে
লালচে বুনো ফুল,
বোনের গলায় আলো ছড়ায়
শিউলি আর বকুল।
ঝাইঞ্চ্যা বিলের ধার ঘেঁষে
ওড়ে সাদা বক,
ছোটো ভাইটি ঘুরে বেড়ায়
ফেলে শ্লেট আর চক।
মুয়াজ্জিনের খালি কন্ঠের
মধুমতি সুর,
সোনালী ধানের শীষে শীষে
আলোকিত নূর;
স্মৃতির ভেলায় ভেসে বেড়ায়
সেঁদো মাটির ঘ্রাণ,
নিউরণেও জেগে ওঠে
নাড়ি ছেঁড়া টান।
কতো দিন যে দেখি না ঐ
ফুল পাখিদের গাঁ,
কেমন আছো গো তুমি
মমতাময়ী মা?









